রাইড শেয়ারিং: মোটর সাইকেল নয়, অনুমতি পেয়েছে ২৫৫টি গাড়ি

২১ জুন, ২০২০ ২৩:৫৮  
রাইড শেয়ারিং সেবার জন্য তালিকাভুক্ত ২৫৫ টি মোটরকার, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সকে রাস্তায় চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। এর মধ্যে উবারের ১৫টি, পাঠাও এর ২টি, পিকমি’র ৩২টি, সিএনএস এর ৬১টি, ওভাইয়ের ৮টি, ইজিয়ারের ১০০টি আকিজের ৩টি এবং সেজেস্টার ৩৪টি গাড়ি। চারচাকার গাড়িগুলোকে অনুমতি দিলেও দুই চাকার কোনো গাড়ির অনুমতি দেয়নি। ২১ জুন এই গাড়িগুলোর নম্বর প্লেটসহ তালিকা প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকির কারণে দুই চাকার মোটর সাইকেলের অনুমতি দেয়া হয়নি বলে জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, “কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিকালীন রাইড শেয়ারিং সার্ভিস পরিচালনায় বিআরটিএ থেকে রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাপস ব্যবহার করে শুধুমাত্র রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত মোটরকার, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স (মোটরসাইকেল ব্যতীত) স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২১ জুন থেকে ঢাকা মেট্রো, গাজীপুর মেট্রো, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা এলাকায় চলাচলের জন্য অনুমতি প্রদান করা হল।” তবে বিআরটিএ’র এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে রাইড শেয়ার সেবাদাতাদের সংগঠন বাংলাদেশ রাইড শেয়ারি অ্যাসোসিয়েশন (বার্সা)।